
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে আইন–শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশজুড়ে সেনাবাহিনীর যৌথ অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে বিপুলসংখ্যক সন্দেহভাজনকে আটক করা হয়েছে।
আইএসপিআর জানায়, তফসিল ঘোষণার পর থেকে ২০২৫ সালের ১১ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ১ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষায় পরিচালিত যৌথ অভিযানে মোট ১৭৯টি বিভিন্ন ধরনের অস্ত্র ও ১ হাজার ৯৪১ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। এ সময় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সন্দেহে ১ হাজার ৭৭৪ জনকে আটক করা হয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) আইএসপিআর গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করে জানায়, নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের সহিংসতা ও নাশকতা প্রতিরোধে সেনাবাহিনী আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিয়মিত টহল ও অভিযান চালিয়ে যাচ্ছে।
আইএসপিআর আরও জানায়, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সেনাবাহিনীর এই যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এজেডএস/জেএইচ





