
নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের মধ্য দিয়ে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে। তিনি বলেন, দীর্ঘ দেড় যুগ পর একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার গঠিত হয়েছে—এ কারণে জনগণের প্রত্যাশাও অনেক বেশি।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানদের সঙ্গে বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্যে পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীতে জনপ্রত্যাশা অনুযায়ী গণতান্ত্রিক সংস্কার আনা হবে। তবে তার আগে সংস্কারের অগ্রাধিকার নির্ধারণ জরুরি বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠানসমূহের পুনর্গঠন ও নৈতিকতার উন্নয়নের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চায় সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে প্রয়োজনীয় জনবল নিয়োগ দিতে হবে এবং সে ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়ের বাজেট বরাদ্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন জনবল নিয়োগ ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের আশা প্রকাশ করেন তিনি।
আইনশৃঙ্খলা বাহিনীর যুগোপযোগী উন্নয়নের জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী সংশ্লিষ্ট দপ্তর-সংস্থার প্রধানদের পরামর্শ ও সুপারিশমালা প্রস্তুতের নির্দেশ দেন। তিনি বলেন, এসব সুপারিশের ভিত্তিতেই সংস্কার কার্যক্রমের অগ্রাধিকার চূড়ান্ত করা হবে।
সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. দেলোয়ার হোসেন, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বিপিএমসহ বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধান এবং মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট অনুবিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








