
অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের কারণে কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি—তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের এমন মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন আল জাজিরার বাংলাদেশি সাংবাদিক জুলকারনাইন সায়ের। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্যের সমালোচনা করেন এবং অন্যায়ভাবে আটক সাংবাদিকদের মুক্তির আহ্বান জানান।
ফেসবুক পোস্টে জুলকারনাইন সায়ের লেখেন, উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সম্ভবত তার সরকারি দায়িত্বের শেষ সময় ঘনিয়ে আসার মানসিক চাপে বিভ্রান্তিকর মন্তব্য করছেন। তিনি বলেন, বাস্তবতা হলো—সাংবাদিকদের ওপর নিপীড়ন ও হয়রানি এখনও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে।
তিনি তার পোস্টে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)–এর সাম্প্রতিক বার্ষিক প্রতিবেদনের তথ্য তুলে ধরেন। ওই প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত এক বছরে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দেশে অন্তত ৩৮১ জন সাংবাদিক বিভিন্ন ধরনের নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন।
আসকের তথ্য সংরক্ষণ ইউনিটের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে দেশে তিনজন সাংবাদিক নিহত হয়েছেন। এছাড়া রহস্যজনক পরিস্থিতিতে আরও চারজন সাংবাদিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, নির্যাতনের শিকার সাংবাদিকদের মধ্যে ১১৮ জন সরাসরি হামলার শিকার হয়েছেন, এবং ২০ জন প্রাণনাশের হুমকি পেয়েছেন। একই সঙ্গে প্রকাশিত সংবাদকে কেন্দ্র করে অন্তত ১২৩ জন সাংবাদিক বিভিন্ন মামলার মুখোমুখি হয়েছেন।
জুলকারনাইন সায়ের তার পোস্টে দাবি করেন, রাষ্ট্রীয় ও অরাষ্ট্রীয় উভয় পক্ষের এই ধরনের নিপীড়ন দেশের গণতান্ত্রিক পরিসর ও সংবাদপত্রের স্বাধীনতাকে গুরুতরভাবে সংকুচিত করছে।
তিনি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যদি সত্যিই সাংবাদিকতার স্বাধীনতায় বিশ্বাস থাকে, তবে অন্যায়ভাবে আটক সাংবাদিকদের মুক্তি দিয়ে এই পরিস্থিতি থেকে উত্তরণের উদ্যোগ নেওয়া উচিত।
প্রসঙ্গত, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সম্প্রতি এক অনুষ্ঠানে দাবি করেছিলেন যে, অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের কারণে কোনো সাংবাদিককে কারাগারে যেতে হয়নি। তার এই বক্তব্য ঘিরেই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।








