
ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে দায়িত্ব পেয়েছেন বরগুনা-২ (বেতাগী-বামনা-পাথরঘাটা) আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম মনি। একই সঙ্গে ছয়জন সংসদ সদস্যকে হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
হুইপ হিসেবে দায়িত্ব পেয়েছেন— হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ, খুলনা-৩ আসনের রকিবুল ইসলাম, শরীয়তপুর-৩ আসনের মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, নাটোর-২ আসনের এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর-৪ আসনের মো. আখতারুজ্জামান মিয়া এবং লক্ষ্মীপুর-৪ আসনের এ বি এম আশরাফ উদ্দিন (নিজান)।
সংসদে চিফ হুইপ সরকারি দলের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন। তার সঙ্গে দায়িত্ব পালন করেন কয়েকজন হুইপ, যারা সবাই নির্বাচিত সংসদ সদস্য। তাদের প্রধান দায়িত্ব হলো সংসদে দলীয় শৃঙ্খলা বজায় রাখা, দলের সদস্যদের অধিবেশনে উপস্থিতি নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ বিল ও প্রস্তাবে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ভোট প্রদান নিশ্চিত করা।
পদমর্যাদার দিক থেকে চিফ হুইপ পূর্ণ মন্ত্রীর মর্যাদা ভোগ করেন। আর হুইপরা প্রতিমন্ত্রীর মর্যাদা পেয়ে থাকেন। সে অনুযায়ী তারা মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মতো সরকারি সুযোগ-সুবিধা ভোগ করেন।
জাতীয় সংসদ সচিবালয় জানিয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে এ নিয়োগ অবিলম্বে কার্যকর হবে। নবনিযুক্ত চিফ হুইপ ও হুইপরা আজ মঙ্গলবার শপথ নিতে পারেন।








